ভ্যাকসিনের জন্য আমরা এডভান্স টাকা দিয়ে রেখেছি: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ভ্যাকসিন কেনার জন্য সরকার এডভান্স টাকা দিয়ে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমরা চিকিৎসা ব্যবস্থা করছি। আজকে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। আমরা এডভান্স টাকাপয়সা দিয়ে ভ্যাকসিন কেনার ব্যবস্থা করে রেখে দিয়েছি। যাতে ভ্যাকসিন যখনই চালু হবে তখনই যাতে নিতে পারি, আমাদের মানুষকে দিতে পারি সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। যখন যা প্রয়োজন তা আমরা করে যাচ্ছি।’
রোববার রাতে মুজিববর্ষের বিশেষ অধিবেশনে জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আজকে আমরা চিকিৎসাসেবা মানুষের দোরগোরায় পৌঁছে দিয়েছি। হয়তো জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবে করতে পারিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন। এজন্য তিনি সব জানতেন। আর সেটা জানতেন বলেই এদেশের মানুষের ভাগ্যটা কীভাবে পরিবর্তন হয়, সেটার বিষয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন, এদেশের মানুষের জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন। আমরা যখনই ক্ষমতায় এসেছি, সেই চেষ্টাটাই করেছি। এদেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় তার চেষ্টা করেছি। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা কমিউনিটি ক্লিনিক করে আমরা চিকিৎসাসেবা মানুষের কাছে নিয়ে যেয়ে তাদেরকে আমরা বিনা পয়সায় ৩০ প্রকারের ওষুধ দিচ্ছি। সেই সাথে নতুন উৎপাত করোনাভাইরাস। আমাদের প্রচেষ্টা করোনাভাইরাসের কারণে কিছুটা ব্যাহত হলো। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। তারপরও আমরা বলব, আমরা সেটা মোকাবেলা করে চলছি।
তিনি বলেন, আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একদিকে করোনা সামলাচ্ছি, অন্যদিকে অর্থনৈতিক গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি। আমরা বাজেটের ৪ শতাংশ প্রণোদনা দিয়েছি। টাকা-পয়সা যখন যেখানে যা দরকার তা দিয়ে আমরা জীবনযাত্রা যাতে সচল থাকে সেই ব্যবস্থা করেছি।
শেখ হাসিনা বলেন, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে হবে, আল্লাহর রহমতে সে কাজও আমরা করে যাচ্ছি। বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠন করার পদক্ষেপ আমরা নিয়েছি।
-
০৫ নভেম্বর, ২০২০